মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর রিজিয়ন অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক (RAP) এর প্রতিনিধি দল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিসিআরএল (BCRL) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও আম খাতের উন্নয়ন সম্ভাবনা যাচাইয়ে মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এফএও’র মনিটরিং মিশনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি ভোলাহাট সফর করে। প্রতিনিধি দলে ছিলেন এফএও’র রিজিয়ন অব এশিয়া অ্যান্ড প্যাসিফিকের জিতেন্দ্র প্রসাদ জসওয়াল ও ডেভিন বো। তাদের সঙ্গে ছিলেন বিসিআরএল প্রকল্পের প্রকল্প পরিচালক রাজিনারা বেগম এবং কম্পোনেন্ট ডিরেক্টর ড. লোকমান হোসেন মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আম ফাউন্ডেশন, ভোলাহাটের কার্যনির্বাহী কমিটির সদস্য, আমচাষি, আম ব্যবসায়ী এবং আম প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
সভায় আম উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও ভোক্তা পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং আম খাতের টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আমের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা, বাজার সম্প্রসারণ এবং রপ্তানি সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় প্রতিনিধি দল সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রতিনিধি দল গোহালবাড়ী ইউনিয়নের কৃষক মুনসুর আলীর বারোমাসি কাটিমন আমবাগান পরিদর্শন করেন। একই সঙ্গে আমবাগানে আন্তঃফসল হিসেবে চাষ করা মিষ্টি কুমড়ার আবাদও ঘুরে দেখেন। এছাড়া আম প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা মাঈনুল ইসলামের প্রকল্প পরিদর্শন শেষে গোহালবাড়ী আদর্শ কৃষক সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সফর শেষে প্রতিনিধি দল ভোলাহাটে বাস্তবায়িত কৃষি ও আমভিত্তিক উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।