স্টাফ রিপোর্টার:
‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে পালিত হয়েছে ‘দ্রোহের জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল হেলাল সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিবেশনা করেন রহনপুর সাংস্কৃতিক সংসদ ও তারুণ্যের ডাক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন স্টুডিও ওয়ানের শিল্পী হাবিব রহমান এবং শিশু অভিনয়শিল্পী আরিফা আক্তার দিশা।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা সভাপতি মোঃ আবদুল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক তরিকুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জুলাইয়ের চেতনা ও তারুণ্যের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়। এতে স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ ও সৃজনশীল সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে জুলাইয়ের চেতনা, ন্যায়বিচার ও ইতিবাচক সাংস্কৃতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজকরা আশা করেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সমাজে সুস্থ, সৃজনশীল ও মানবিক সংস্কৃতি চর্চার পরিবেশ আরও বিস্তৃত হবে।